‘শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হয়’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এসব আত্মত্যাগ মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের সমস্যা অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। তবে জনগণের আস্থা ও গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় সামনে এগিয়ে যেতে হবে।