বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৯ জুলাই) তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন।
এ সফরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পাঁচ দিনের সরকারি সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।