দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে মারা গেছে আরও ১ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে ৬৮৯ জনের মৃত্যু হয়েছে উপসর্গে এবং ৯৫ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৬৯৯ জনের মধ্যে দেখা দিয়েছে হামের উপসর্গ। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের এবং আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৪৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৫৩৯ জন।