দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ জনের।
এ ছাড়া এ সময়ের মধ্যে ৯২ হাজার ৩১ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।