সক্রিয় মৌসুমি বায়ু ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে অতিবৃষ্টির ফলে কয়েকটি এলাকায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে অতিবৃষ্টির কারণে দেশের কিছু নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকায় পানি বৃদ্ধি এবং সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।