উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রোববার থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের অন্য অনেক এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বৃষ্টির কারণে তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।