আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে আধুনিক ল্যাব যন্ত্রপাতি ও একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ডা. জুবাইদা রহমানও সফরে থাকবেন। এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, জুলাই-আগস্টে সংক্রমণ বাড়তে পারে। তবে তা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে এবং প্রয়োজন হলে হাসপাতালের চিকিৎসাসেবা ও শয্যা সক্ষমতা আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে।