দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ১ হাজার ১৪৫ শিশু হামে বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৪১ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে, বাকি ১ হাজার ৪ জনে উপসর্গ দেখা গেছে।
নতুন মৃত্যুর মধ্যে ঢাকায় দুইজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন শিশু রয়েছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬২ শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৮৫১ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ৮৩ হাজার ৮০৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮০ হাজার ১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।