দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামী কয়েক দিনে কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সোমবার (২৯ জুন) থেকে পরবর্তী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।