দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে ১১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন। ফলে ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৬১৯ জনে পৌঁছেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৮২ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।
সংস্থাটি জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের পূর্ণ টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।