ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে দেশটির অস্তিত্বই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর আল আরাবিয়ার।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি বলেন, চুক্তি ভঙ্গের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র চলমান সামরিক অভিযান আরও বিস্তৃত করতে বাধ্য হতে পারে।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশেই এসব অভিযান পরিচালিত হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের কথিত হুমকির জবাবে এই হামলা চালানো হয়।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।