মালয়েশিয়া ও চীনের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সফলভাবে সম্পন্ন করে ফেরার পরদিন তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
শনিবার (২৭ জুন) দুপুরে তিনি জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে, শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে তিনি জিয়া উদ্যানে গিয়ে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।