চীনের বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে সেখানে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। চীনের প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা জানান এবং হাত ধরে বিশেষভাবে সাজানো মঞ্চে নিয়ে যান।
এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরে উভয় নেতা নিজ নিজ দেশের প্রতিনিধি দলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। স্বাগত পর্ব শেষে গ্রেট হল অব দ্য পিপলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।