বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। একই দিনে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ ভারতীয় মিশনের দায়িত্ব গ্রহণ করেন।
হাইকমিশনার জানান, বর্তমানে ঢাকাসহ মোট পাঁচটি ভিসা কেন্দ্র—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী—থেকে পর্যটন ভিসা কার্যক্রম পরিচালিত হবে। তবে ধাপে ধাপে অন্যান্য কেন্দ্রগুলোও পুরোপুরি চালু করা হবে।
তিনি আরও বলেন, মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা আগের মতোই চালু থাকবে এবং এতে কোনো পরিবর্তন আসছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতার পর নিরাপত্তাজনিত কারণে সব ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে আংশিকভাবে কিছু কেন্দ্র চালু হলেও বিভিন্ন সময় নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক কেন্দ্রের কার্যক্রম সীমিত বা স্থগিত রাখা হয়।
নতুন সিদ্ধান্তের ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।