রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পরিচয় পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে গিয়ে পরিচয় পেশ করেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কূটনৈতিক দায়িত্ব পালন শুরু করলেন তিনি।
ভারত সরকার গত এপ্রিলে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের জন্য তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলপথে বাংলাদেশে আসেন।
এদিকে, হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীনেশ ত্রিবেদীকে বিশেষ প্রটোকল মর্যাদা দিয়েছে ভারত সরকার। গত ২৪ জুন জারি করা এক সরকারি স্মারকে তাকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা দেওয়ার কথা জানানো হয়।
তবে ভারত সরকার স্পষ্ট করেছে, এই মর্যাদা শুধুমাত্র দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত প্রটোকল সুবিধার জন্য প্রযোজ্য। এর ফলে ভারতের বিদ্যমান ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ কোনো স্থায়ী বা কাঠামোগত পরিবর্তন আসবে না।