কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম উপলক্ষে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।