আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এ কারণে জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে সেনা মোতায়েন প্রয়োজন হয়েছে।
যেসব এলাকায় সেনা মোতায়েন থাকবে সেগুলো হলো— ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর।
এদিকে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে অতিরিক্ত সতর্কতা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।