নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সমুদ্র ও নৌপথের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বাড়ানো জরুরি। উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশকে এই খাতে আরও বেশি মনোযোগী হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২২ জুন) রাজধানীর খিলখেতে বানৌজায় নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হলেও আগের সরকারের উদাসীনতার কারণে সমুদ্রসম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। বিশেষ করে জ্বালানি ও খনিজ সম্পদ আহরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমুদ্র থেকে জ্বালানি আহরণ কেবল সম্ভাবনা নয়, এটি বাস্তব সম্পদ। বর্তমান সরকার অফশোর এলাকায় অনুসন্ধান, কূপ খনন এবং খনিজ সম্পদ চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছে।
বাংলাদেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিকভাবে ব্যবহার করা গেলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌযোগাযোগ আরও নিরাপদ ও সাশ্রয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন। এ ক্ষেত্রে হাইড্রোগ্রাফির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের মোট বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। তাই বন্দরকে কেন্দ্র করে নৌ চলাচল আরও নিরাপদ ও কার্যকর করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং ভবিষ্যতে এই খাতকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।