তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে আরও ১ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত তিন দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকটি মোট ৭ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা পেল।
বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংকটির ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম, খেলাপি ঋণ বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থাহীনতার কারণে তারল্য সংকট তৈরি হয়েছে। এর ফলে গ্রাহক সেবা ও নগদ অর্থ উত্তোলনে চাপ সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের লেনদেন সচল রাখতে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে তারা সাত দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে বিতর্কিত শেয়ার হস্তান্তর বাতিল বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে বিক্রির দাবি অন্যতম।
অন্যদিকে, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালসহ পরিচালনা পর্ষদের কাঠামো পরিবর্তনের বিষয়টি নতুন নিয়ম অনুযায়ী বিবেচনার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন বোর্ড গঠনের কথাও জানানো হয়েছে।
এর আগে, ১৪ জুন ব্যাংকটির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন সমন্বয়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফেরাতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমানত পুনরায় চালু করলে জরিমানা ও চার্জ মওকুফের ঘোষণা দেয় ব্যাংকটি।