শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

২০ হাজার কোটি টাকার জ্বালানি তেল চুক্তি, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫২ Time View

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গভমেন্ট টু গভমেন্ট (জিটুজি) পদ্ধতিতে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান থেকে প্রায় ১৬ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকার সমান।

এ বিষয়ে সমঝোতা চূড়ান্ত করতে আগামী ২০ জুন সিঙ্গাপুর সফরে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এতে বিপিসির চেয়ারম্যানসহ জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

সরকারি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে তেল সংগ্রহ ও পরিবহন ব্যয় কমানোর লক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে। যদিও তেলের মূল দাম প্ল্যাটস ফর্মুলা অনুযায়ী নির্ধারিত হবে, তবে প্রিমিয়াম, শিপিং ও বীমা খরচ কমানোর বিষয়েই মূলত সমঝোতা হবে।

বর্তমানে বিপিসি বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি ও সরবরাহ করে। এর মধ্যে অর্ধেক আসে জিটুজি পদ্ধতিতে এবং বাকি অংশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা হয়। বিদ্যমান চুক্তির আওতায় ১০টি দেশের প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময়ভিত্তিক তেল সরবরাহ করা হচ্ছে।

এবারের আলোচনায় অংশ নিতে যেসব প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পেট্রোচায়না, আইওসিএল, পিটিটি, ইউনিপ্যাকসহ বিভিন্ন আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান।

এদিকে, আগামী জুলাই-ডিসেম্বর সময়ের জন্য আরও ১৫ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শিপিং প্রিমিয়াম কিছুটা বেড়েছে বলে জানা গেছে, যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে এ খরচ কমে আসতে পারে বলে আশা করছে বিপিসি।

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। আগে যেখানে যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ দামে তেল কিনতে হয়েছিল, বর্তমানে সেই তুলনায় ব্যয় কমে এসেছে।

জ্বালানি মজুতের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩২ দিনেরও বেশি চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত রয়েছে, যা ডিজেল, পেট্রোল, অকটেন ও জেট ফুয়েলসহ বিভিন্ন পণ্যে বিভক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com