দেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বর্তমান সরকার ৫ শতাংশ বাজেট বরাদ্দ দিয়েছে, যা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তার মতে, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মূল দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়।
তিনি আরও বলেন, শুধু উচ্চশিক্ষা নয়, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসারও জরুরি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শিক্ষার্থীদের মেধা ও অর্জনের স্বীকৃতি দেওয়া, যা তাদের ভবিষ্যতে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং কোনো ধরনের ক্ষতি থেকে তা রক্ষা করা।
তিনি আরও জানান, সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়নের কাজ চলছে। একই সঙ্গে হল ও ছাত্রাবাস নির্মাণসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মোট ১০৪ জন শিক্ষার্থী এ পুরস্কার লাভ করেন। এর মধ্যে কলা অনুষদে ২১ জন, বিজনেস স্টাডিজে ১৬ জন, বিজ্ঞান অনুষদে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে ২৯ জন, আইন অনুষদে ৩ জন এবং চারুকলা অনুষদে ৩ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন।