দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৭ জুন) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এদিকে মানিকগঞ্জ, নীলফামারী, রাজশাহীসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে। তবে দেশের দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে সপ্তাহজুড়ে আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকার আভাস দেওয়া হয়েছে।