প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম উচ্চপর্যায়ের বিদেশ সফর শুরু হচ্ছে মালয়েশিয়া দিয়ে। আগামী ২১ জুন ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সেখানে দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন কর্মসূচি শেষে ২২ জুন রাতেই সরাসরি চীনের দালিয়ানে যাবেন তিনি।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এ সময় শ্রমবাজার, সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারসহ বিভিন্ন খাতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।
চীনে পৌঁছে ২৩ জুন দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ২৪ জুন বেইজিংয়ে যাবেন তিনি। সফরকালে চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন সফরে শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবসম্পদ উন্নয়ন ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে ১৫টির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। যদিও বেশ কয়েকটি প্রস্তাব এখনও খসড়া পর্যায়ে রয়েছে, তবে উভয় দেশ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবেন। ২৬ জুন চীন সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।