ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা ব্যভিচার ও মানহানির মামলায় তাদের খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়েই আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৬ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে খালাসের আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালে রাকিব হোসেনের সঙ্গে তামিমা সুলতানা তাম্মির বিয়ে হয়। পরে রাকিব হোসেন অভিযোগ করেন, বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা দায়ের করা হয়েছিল।
দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন।