দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে সোমবার (৮ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জন শিশু আক্রান্ত হয়েছে এবং এ সময় ৮ জন শিশুর মৃত্যু হয়েছে—এর মধ্যে ৭ জন সন্দেহজনক ও ১ জন নিশ্চিত হাম রোগী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে ৫৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।
এছাড়া, এ সময়ের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৬১ হাজার ২৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।