দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ জুন) সকালে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের মতে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনার অল্প কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে সারাদেশে বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে।
গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৫১ মিলিমিটার।