শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত, আসামি শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়টি সরকারের আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতার প্রতিফলন বলে উল্লেখ করেন। এ সময় তিনি বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচার কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি পাবে। তিনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ভবিষ্যতেও একই আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরাও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।