রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল আদালতে দেওয়া জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।
মামলাটি তদন্ত শেষে ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় চার্জশিট দাখিল করা হয়। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।