দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকায় দুইজন এবং সিলেটে একজন শিশু রয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশু হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
শনিবার (০৬ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৫২২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।
এদিকে, একই সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম রোগ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন।