রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ২৭ মে ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দেখা গেছে, হাসপাতালটির অবকাঠামো ও পরিবেশ একটি পূর্ণাঙ্গ হাসপাতাল পরিচালনার জন্য যথাযথ নয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ কক্ষে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে অক্সিজেনের মাত্রা কমে যায়। একই সঙ্গে কক্ষে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।
এ ছাড়া, দায়িত্বে থাকা সেবিকাদের আচরণ ও কার্যক্রম পর্যালোচনা করে তদন্ত কমিটি তাদের দায়িত্ব পালনে গুরুতর গাফিলতি ও প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতির বিষয়ও চিহ্নিত করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।