দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর জটিলতায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,২০৫ শিশু আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০৫ জনে পৌঁছেছে। এর মধ্যে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৫১৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ১,১৩৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। একই সময়ে নতুন করে ৬৯ জনের হাম নিশ্চিত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ১৯৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৭ হাজার ১৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।