পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিইআরসি জানায়, পাইকারি বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। একই সঙ্গে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নতুন এ দর গত ১ জুন থেকেই কার্যকর হয়েছে।
এর আগে, গত মে মাসে অনুষ্ঠিত গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিভিন্ন হারে মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়। পরে বিইআরসির কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা দাম বাড়ানোর সুপারিশ করে। সেই সুপারিশ বিবেচনায় নিয়েই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তখন ইউনিটপ্রতি গড় মূল্য ৬ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা ৪ পয়সায় উন্নীত করা হয়।