পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয়। বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশে নির্বাচন হয়েছে এবং সেখানে পরাজিত একজন নেতা নিজ দেশের সরকারকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। তাই বিষয়টি বাংলাদেশের আলোচনার বিষয় নয়।
তবে হাদি হত্যা মামলার বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।
এর আগে কলকাতার ধর্মতলায় এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার এক আসামি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্যের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেপ্তার করে। তিনি আরও ইঙ্গিত দেন, এ ঘটনায় জড়িতদের বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তবে দেশের স্বার্থে তিনি এতদিন তা প্রকাশ করেননি।