রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার (৩১ মে) প্রকাশিত আবহাওয়া বার্তায় বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিচ্ছিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি মাত্রার ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।