চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ অঞ্চলকে আর কোনোভাবেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।
রোববার (৩১ মে) সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে প্রকৃত স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না; বরং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়টিও দ্রুত নিষ্পত্তি করা হবে।
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। কেউ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখালে বা চাঁদা দাবি করলে প্রশাসনের কাছে অভিযোগ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অস্ত্র উদ্ধারে গিয়ে র্যাবের এক কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর যৌথ বাহিনীর অভিযানে এলাকায় প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। সর্বশেষ গত ২৪ মে গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালালে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।