শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপন, দৃঢ় নেতৃত্ব, সততা ও দূরদর্শী রাষ্ট্রচিন্তা জাতির স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি তার গভীর ভালোবাসা, দুর্নীতিবিরোধী অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় এবং আত্মনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান নিহত হন। মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও প্রতিরোধের আহ্বান দেশবাসীকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসে তিনি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাণীতে রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, শ্রমবাজার উন্মুক্তকরণ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রণয়নে জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, স্বল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও জিয়াউর রহমান দেশপ্রেম, সততা ও দূরদর্শিতার মাধ্যমে উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও স্মরণীয় হয়ে রয়েছে।