রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের যেকোনো সময়ে আকাশে মেঘ জমে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে নগরজীবনে সাময়িক ভোগান্তির আশঙ্কাও রয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।