গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে নতুন করে ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হামের রোগী ১২৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে, আর নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন। একই সময়ে ৫০ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
মোট মৃত্যুর হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহভাজন হামে ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে ১৬ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সামগ্রিকভাবে নিশ্চিত হামে এখন পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে।