রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্নের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার সব ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছে।
রোববার (২৪ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি মামলার অগ্রগতি তুলে ধরেন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় চার্জশিট আজই দাখিল করা হবে এবং বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি আদালতের এখতিয়ার বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে তার স্ত্রীর সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন পাওয়া গেছে। পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদনও ইতোমধ্যে হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ একত্র করে দ্রুত চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়ে আলোচনা চলছে এবং মামলার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। সরকার আশা করছে, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।