জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, বরং এটি দেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। সংসদ ভবনের ছাদে এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালুর মাধ্যমে বাংলাদেশ যে পরিবেশবান্ধব জ্বালানির পথে এগোচ্ছে, সেই বার্তাই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি সম্প্রসারণ ও শিল্পায়নের সঙ্গে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ঝুঁকির মুখে রয়েছে, যার মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন অন্যতম। তাই টেকসই জ্বালানির দিকে অগ্রসর হওয়া এখন জাতীয় প্রয়োজনের অংশ।
তিনি উল্লেখ করেন, সৌরশক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। প্রতিদিন দেশে বিপুল পরিমাণ সৌরশক্তি পাওয়া যায়, যা সঠিকভাবে কাজে লাগানো গেলে জ্বালানি খাতে বড় পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।