পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পাসপোর্ট নীতিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি আবার যুক্ত করা হবে। তিনি আরও জানান, ভিসা পৃষ্ঠার কিছু ব্যক্তিকেন্দ্রিক চর্চারও পরিবর্তন আনা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত পুনর্বহাল করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে ই-পাসপোর্টে এই শর্ত যুক্ত করা হবে। তবে বর্তমান পাসপোর্টধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সমস্যা হবে না। পাসপোর্ট নবায়নের সময় নতুন সংস্করণে এই শর্ত যুক্ত হবে।
উল্লেখ্য, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়।