ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালে দুটি ট্রেনে ভ্রমণ করে ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন এবং সামগ্রিক সেবা সন্তোষজনক বলে মনে হয়েছে।
তবে তিনি জানান, সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ছাড়ে। এসব সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং ছাদে যাতায়াত বন্ধসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ সামনে রেখে রাজধানী থেকে মানুষের বাড়ি ফেরার চাপ ধীরে ধীরে বাড়ছে।