তথ্যপ্রবাহ এখন আর আগের মতো নিয়ন্ত্রণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৪ মে) রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। বর্তমান তথ্য পরিবেশে জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। একই সঙ্গে সরকারি সেবা জনগণের কাছে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়েও তাদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক জনসংযোগ কার্যক্রম এখন সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর। তাই কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তিনি আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বর্তমানে পারসেপশন ম্যানেজমেন্টের এক ধরনের প্রতিযোগিতা চলছে, যেখানে দক্ষ মানবসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ফ্যাক্ট-চেকিংয়েও এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। তিনি আরও বলেন, সরকারি কার্যক্রম জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা জনসংযোগ কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।