রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি, উদ্বেগ জানাল ইউনিসেফ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩ Time View

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।

সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শিশুদের ওপর চলমান নৃশংসতা অবিলম্বে বন্ধ করা জরুরি। সাম্প্রতিক ঘটনাগুলোতে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলেও উল্লেখ করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ১৪ শিশু ধর্ষণের পর হত্যার শিকার এবং তিন শিশু ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে নিহত হয়েছে। এছাড়া ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪৬ শিশু এবং বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১৫ শিশু হত্যার শিকার হয়েছে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এমন পরিস্থিতিতে ইউনিসেফ বলেছে, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাওয়া প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাকে সামনে আনছে।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে এবং শিশু সুরক্ষা ব্যবস্থা, আইন প্রয়োগ, বিচার প্রক্রিয়া ও সামাজিক সেবার কাঠামো আরও কার্যকর করতে হবে। পাশাপাশি সহিংসতার শিকার শিশু ও নারীদের জন্য মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া পরিবার, সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি শিশু সুরক্ষায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। শিশু নির্যাতন বা সহিংসতার তথ্য গোপন না করে প্রয়োজনীয় সহায়তা গ্রহণের জন্য ১০৯৮ শিশু সহায়তা হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com