ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনে যোগ দিতে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তিনি ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
ত্রিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত নজরুলজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী।
এবার ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে অনুষ্ঠানসূচিতে কিছু পরিবর্তন এনে শনিবার থেকেই উৎসব শুরু করা হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি থাকছে।
সরকারি কর্মসূচি শেষে বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।