প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাহিনীটি কার্যকর অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ এর ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে কাজ করছে। একই সঙ্গে নগর এলাকায় টিডিভি সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বাহিনীটি শুধু নিরাপত্তা নয়, সামাজিক উন্নয়নেও অবদান রাখছে।
তিনি আরও বলেন, সঞ্জীবন প্রকল্প, বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এসব উদ্যোগ বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতেও সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দর, পাহাড়ি এলাকা ও গ্রামাঞ্চলে আনসার সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগ ও সংকটকালেও তারা জনগণের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। এ কারণে বাহিনীটি একটি সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
এর আগে, সকাল ৯টায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ প্রদর্শনী উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন জেলার আনসার সদস্যদের সমস্যা ও কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।