আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তর–এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে, যার আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা।
এর ফলে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যাত্রীরা সহজেই বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন বলে জানান তিনি।