প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে আর দালালচক্র, দুর্নীতি কিংবা অপ্রয়োজনীয় হয়রানির মুখে না পড়ে—সেই লক্ষ্যেই সরকার আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলছে। তিনি জানান, নাগরিকদের অফিসে অফিসে ঘোরার পরিবর্তে সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে অধিকাংশ ভূমি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবন-এ তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়লে জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও জটিলতা কমবে। একই সঙ্গে ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের প্রভাবও হ্রাস পাবে। নির্ভুল ভূমি রেকর্ড তৈরিতে আধুনিক জরিপ কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জমির পরিমাণ কমে যাওয়ায় ভূমির মূল্য ও বিরোধ—দুটিই বেড়েছে। তাই পরিকল্পিত ভূমি ব্যবহার, সঠিক রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।
সরকারপ্রধান উল্লেখ করেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন হওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো অনুগ্রহ নয়; এটি রাষ্ট্রের দায়িত্ব। একটি স্বচ্ছ, নাগরিকবান্ধব ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।