প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। তবে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজ নিজ প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে আরও উত্তপ্ত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন হলেও আচরণবিধি ও পরিচালনা বিধিতে পরিবর্তন আনার কাজ চলছে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও সংঘাতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এবার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু কমিশনের একক দায়িত্ব নয়; আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম এবং ভোটার—সবার সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।
সিইসি দাবি করেন, কমিশন সবসময় আইন ও নীতির মধ্যে থেকে কাজ করেছে এবং ব্যক্তিগত প্রভাব বা চাপমুক্ত থাকার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত একটি নিরপেক্ষ, সবার জন্য সমান সুযোগসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তাদের মূল লক্ষ্য বলেও তিনি জানান।