স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। এর আগে, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির বিদেশযাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান।